Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

অর্থ উপদেষ্টার প্রত্যাশা

যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ পালটা শুল্ক হার কিছুটা কমবে

লবিস্ট নিয়োগ প্রাসঙ্গিক নয় * ২.২০ লাখ টন গম আমদানি করা হবে

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ পালটা শুল্ক হার কিছুটা কমবে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

Advertisement

আনুষ্ঠানিক কোনো বার্তা না পেলেও ট্রাম্প প্রশাসনের ৩৫ শতাংশ পালটা শুল্ক হার শেষ পর্যন্ত কিছুটা কমবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা আশা করছি হয়তো কিছু কমাবে। কারণ, আমাদের বাণিজ্য ঘাটতি খুবই কম, ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। বুধবারের বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির বিষয় অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিকে ট্রাম্প প্রশাসনের বাড়তি ৩৫ শতাংশ শুল্ক কমানোর জন্য ‘বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র’ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরে (ইউএসটিআর) পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং শুল্ক-অশুল্ক বাধা দূরীকরণসহ নানা ইস্যুতে একমত হওয়া বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে তৃতীয় দফার আলোচনার জন্য ইউএসটিআরের কাছে ২৬-২৭ জুলাই আবারও সময় চেয়েছে বাংলাদেশ। অবস্থানপত্র এবং সময় চাওয়ার প্রস্তাব দুটি ই-মেইলে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কার্যকরের আর ৮ দিন বাকি, এ কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, ১ আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টা সেখানে যাবেন। যুক্তরাষ্ট্রে আমাদের ভালো ইমেজ আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শেভরন, এক্সিলারেট এনার্জি, মেটলাইফের কতগুলো বকেয়া পরিশোধ করা হয়েছে। বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে ইউএস চেম্বার আমাকে চিঠি লিখেছে।

তবে শুল্ক ইস্যুতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) সঙ্গে বৈঠকের বিষয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান যুগান্তরকে বলেছেন, বাংলাদেশের অবস্থানপত্রের সঙ্গে আমরা তৃতীয় দফা আলোচনার সময় চেয়ে ইউএসটিআরের কাছে প্রস্তাব দিয়েছি। ২৬-২৭ জুলাই বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে, আলোচনার জন্য এটি একটি অনুকূল সময়। এখন বিষয়টি ইউএসটিআরের ওপর নির্ভর করছে।

সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় লবিস্ট নিয়োগের কথা সরকার ভাবছে কিনা। জবাবে তিনি বলেন, লবিস্ট নিয়োগের প্রসঙ্গ নেই। কারণ, লম্বা সময় নিয়ে দরকষাকষির ক্ষেত্রে এ ধরনের লবিস্ট নিয়োগ করা হয়। এখানে যা করতে হবে, দ্রুত করতে হবে। ওরাতো (লবিস্ট) ঢুকতেই পারবে না ওই অফিসের কাছাকাছি, দরকষাকষি দূরের কথা।

যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কেনার অনুমোদন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, গম আনার অনুমোদন দেওয়ার যুক্তি হচ্ছে, আমরা একটু ভিন্নতা আনতে চাচ্ছি। অনেক সময় রাশিয়ান ব্লক কিংবা ইউক্রেন ব্লকে একটা অনিশ্চয়তা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন আমাদের আমদানি বাড়ানোর আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের গমের মান ভালো। দাম তুলনামূলক বেশি কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, দাম একটু বেশি হলেও প্রোটিনও কিছুটা বেশি। বৈঠকে দেড় লাখ টন সার আমদানির অনুমোদন করেছি। ইউরিয়া, টিএসপিসহ বিভিন্ন রকম সার রয়েছে। এলএনজি আমদানির অনুমোদন দিয়েছি।

পালটা শুল্কের হার কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সহানুভূতি পেতে বাংলাদেশ ইতোমধ্যে মার্কিন পণ্য আমদানি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বছরে ৭ লাখ টন গম আমদানির জন্য রোববার সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। আবার যেসব পণ্য আমদানি করা হয় যুক্তরাষ্ট্র থেকে, সেগুলোর ওপর শুল্ক প্রায় শতভাগ প্রত্যাহারের পক্ষেও সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন, তেলবীজ, ডাল, চিনি ও বার্লি আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। অন্যান্য আমদানির মধ্যে থাকছে বোয়িংয়ের উড়োজাহাজ, এলএনজি, সামরিক সরঞ্জাম।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চলতি বাজেটে ৬২৬টি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ২ এপ্রিল ৩৭ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করে বাংলাদেশের ওপর। পরে ৩ মাসের জন্য এই শুল্ক আরোপ স্থগিত করে। এই স্থগিতাবস্থায় সবার জন্য বেজলাইন হিসাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। এরপর আবার সিদ্ধান্ত পরিবর্তন করে ৭ জুলাই সবমিলে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। বাড়তি শুল্ক কমানোর বিষয়ে ইউএসটিআরের সঙ্গে ৯-১১ জুলাই ওয়াশিংটন ডিসিতে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফা বৈঠক শেষ হয়। ইউএসটিআরের সঙ্গে প্রথমে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা লুৎফে সিদ্দিকী এবং পরে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান দ্বিপক্ষীয় আলোচনায় অংশগ্রহণ করেন। শেষ ধাপে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত হন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এর মধ্যে ৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি পাঠিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়ে দেন বাংলাদেশের ওপর আরোপ করা পালটা শুল্কের হার ৩৭ শতাংশ হবে না, এটা হবে ৩৫ শতাংশ। তবে ইউএসটিআরের সঙ্গে শুল্ক কমাতে দুই দফায় আনুষ্ঠানিক আলোচনা করেও সাফল্য পায়নি বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

এদিকে বৈঠক শেষে দেশে ফিরে ১৪ জুলাই অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) থাকার কারণে তিনি খোলামেলা আলোচনা করতে পারেননি। ফলে উপস্থিত অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা ভালো কোনো পরামর্শও দিতে পারেননি।

Advertisement

শুল্ক

Advertisement

আরও পড়ুন

বিবিএসের জরিপ বৈচিত্র্য নেই ৬৫% শিশুর খাবারে

বৈচিত্র্য নেই ৬৫% শিশুর খাবারে

ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘর ১০ দেশের সংস্কৃতির ছোঁয়া

১০ দেশের সংস্কৃতির ছোঁয়া

কারখানায় মেশাচ্ছে ভেজাল খাদ্যেই ক্যানসারের ঝুঁকি

কারখানায় মেশাচ্ছে ভেজাল খাদ্যেই ক্যানসারের ঝুঁকি

চট্টগ্রামে বিএনপি নেতার হাতে জিম্মি মৎস্য অবতরণ কেন্দ্র

চট্টগ্রামে বিএনপি নেতার হাতে জিম্মি মৎস্য অবতরণ কেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম